বিজয়নগরে ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিন যাত্রী। গতকাল শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর ইউনিয়নের সাতবর্গ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদা ঐরের মিঠু রায় চৌধুরীর স্ত্রী শান্তা রায় চৌধুরী (৩০), একই উপজেলার হালুয়াপাড়ার আবু তাহের (৬০) ও বিল্লাল উদ্দিন (৪০)। হাইওয়ে পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা হবিগঞ্জের মাধবপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজি চালিত অটোরিকশায় থাকা বিল্লাল উদ্দিন ঘটনাস্থলেই নিহত হয়। গুরুত্বর আহত চার জনকে স্থানীয়দের সহযোগিতায় জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিত্সক শান্তা রায় চৌধুরী ও আবু তাহেরকে মৃত ঘোষণা করেন। আহতরা হলেন, ফয়সাল মিয়া, ফারজিনা ও জুম্মান। আহতদের উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।