গল্প নয় সত্যি

উল্টো আটক!

ঘটনাস্থল আমেরিকার লুইজিয়ানা অঙ্গরাজ্যের বেতে রুশ শহর। ৩১ বছর বয়সী প্যাট্রিক রাফনার একটা কাজের প্রয়োজনেই শহরের দশ নম্বর ইন্টারস্টেট ধরে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। এ সময় অনেকটা হুট করেই একটি গাড়ি এসে তার গাড়িটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। বিষয়টি জানানোর জন্য সাথে সাথেই স্থানীয় পুলিশকে ফোন দেন রাফনার। ঘটনার বিস্তারিত শোনার পর পুলিশ কর্তৃপক্ষের তরফ থেকে তাকে কাছের পুলিশ স্টেশনে এসে বিষয়টি সম্পর্কে একটি দূর্ঘটনা রিপোর্ট লেখাতে বলা হয়। র্যাফনারও পরামর্শ অনুযায়ী কিছুক্ষণের মধ্যেই হাজির হন কাছের পুলিশ স্টেশনে। তবে এরপর একে একে যা ঘটে যায় তাতে পুলিশের কাছে মামলা লেখানোর পাশাপাশি র্যাফনারের নিজেকেও মামলার চক্করে ফেঁসে কারাগারে যেতে হয়। এ প্রসঙ্গে স্থানীয় এক পুলিশ সদস্য জেয়ার্ড স্যান্ডিফার জানান, র্যাফনার যখন অভিযোগ দায়েরের জন্য তার এসইউভি গাড়িটি থেকে নেমে পুলিশ স্টেশনে ঢুকতে যাবেন তখনই তার মুখ থেকে অ্যালকোহলের গন্ধ পান অপর এক পুলিশ সদস্য। এ অবস্থায় তাকে চ্যালেঞ্জ করা এই সদস্য তার রক্তে অ্যালকোহলের মাত্রা পরীক্ষা করতে ব্রেথ টেস্ট ও অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষাও করান। আর এতেই বেরিয়ে আসে যে, দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ র্যাফনার নিজেও অনুমোদিত মাত্রার চেয়ে অনেক বেশি পরিমাণের অ্যালকোহল গ্রহণ করে গাড়ি চালাচ্ছিলেন। এ ছাড়া অভিযোগ দায়েরের সময় তার সাথে থাকা ড্রাইভিং লাইসেন্সটিও মেয়াদোত্তীর্ণ ছিল বলে জানিয়েছে পুলিশ। বলা বাহুল্য, খোদ পুলিশ স্টেশনে যেয়ে দু’দুটি অপরাধে ধরা খাওয়া র্যাফনার খুব দ্রুতই স্থান করে নেন সেখানকার হাজতে। সেই সাথে মামুলি একটা দূর্ঘটনার কথা জানাতে পুলিশ স্টেশনে যাওয়া র্যাফনারকে এখন জামিন পাবার জন্য হাজার খানেক ডলার গুনতে হতে পারে বলেও জানিয়েছে পুলিশ।