জাতিসংঘে বাংলাদেশের অর্ণব
প্রকাশ : ১৩ মে ২০১৪, ১৯:৫৭
জাতিসংঘ আয়োজিত গ্লোবাল ক্লাসরুম আন্তর্জাতিক হাইস্কুল মডেল সম্মেলনে সুযোগ পেয়েছে বাংলাদেশের অর্ণব চক্রবর্তী। ১৫ মে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এ সম্মেলন শুরু হচ্ছে। জাতিসংঘ আয়োজিত ১৫তম এ সম্মেলনে বিশ্বের প্রায় ১৩৯টি দেশের বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ১ হাজার ৮০০ মেধাবী শিক্ষার্থী অংশ নেবে। এ আসরে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো অংশগ্রহণের সুযোগ পেল ধানমন্ডির ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের গ্রেড নাইনের মেধাবী শিক্ষার্থী অর্ণব। সম্মেলনে রিপাবলিক অব নর্থ কোরিয়ার পক্ষ হয়ে অর্ণব বিভিন্ন আলোচনা, বিতর্ক এবং প্রশিক্ষণ কর্মশালায় নেতৃত্ব দেবে। তার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ‘প্রোটেকশন অব হিউম্যান রাইটস ডিফেন্ডার্স’। সম্মেলনে স্বাগত বক্তব্য দেবেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। এ ছাড়াও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সিনেটর উপস্থিত থাকবেন বিশ্বের বৃহত্ এই শিক্ষা সম্মেলনে। সম্মেলন শেষে কানাডার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবে অর্ণব। জুন মাসেই দেশে ফিরবে সে। বাংলাদেশের স্বনামধন্য ইমিগ্রেশন এবং ক্যারিয়ার কনসালটেন্সি ফার্ম শা অ্যাসোসিয়েটসের প্রধান নির্বাহী কর্মকর্তা সুপ্রিয় কুমার চক্রবর্তী ও অনসূয়া চক্রবর্তীর সন্তান অর্ণব।