আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাকৃবি’র মুবাশিশর

পড়ালেখায় মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি সাংস্কৃতিক মেধার স্বাক্ষর রেখেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এম এইচ এম মুবাশিশর। সম্প্রতি ইউকের একটি ফেস্টিভ্যালে সমগ্র পৃথিবী হতে বাছাইকৃত বিশটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের মাঝে তার চলচ্চিত্র স্থান পেয়েছে। পৃথিবীর সবচেয়ে কম দৈর্ঘ্যের চলচ্চিত্র (সর্বোচ্চ ১০ সেকেন্ড) নিয়ে আয়োজিত এ ফেস্টিভ্যালের নাম 9.88 Glasgow Merchant City Festival। এতে বিভিন্ন দেশের প্রায় ছয় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। তার মাঝে বিশ জনকে ফাইনাল রাউন্ডের জন্য বাছাই করা হয়। এ বাছাই কাজে বিচারক হিসেবে ছিলেন ব্রিটিশ ডিরেক্টর পল এমজি গুইগান, ব্রিটিশ ফিল্ম কমিশনের প্রধান ইয়াইন স্মিথসহ মোট নয়জন। এখানে প্রধান বিচারক হিসেবে ছিলেন চ্যানেল ফোরের ক্রিয়েটিভ ডাইভার্সিটি এর পরিচালক স্টুয়ার্ড। উল্লেখ্য, মুবাশিশর বায়োটেকনোলজি বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত। মাস্টার্সের দুই সেমিস্টারের রেজাল্টে সে প্রথম শ্রেণিতে প্রথম। ইতোপূর্বে তার নির্মিত নাটক ‘স্বপ্ন সমীকরণ’ টেলিভিশনে সম্প্রচার হয়েছে। এছাড়া ‘জলছবি ফিল্মস’ নামে তার একটি চলচ্চিত্র নির্মাণকারী প্রতিষ্ঠান রয়েছে। সংকলন: বারেক কায়সার