নগরে বৈশাখ
প্রকাশ : ১৩ মে ২০১৪, ২০:০৪
বৈশাখ যদি আসতো নগরে
পাথর -পর্দা কাঁপিয়ে,
কাঁচের শার্সি দরদালানের
পাঁজরে পড়তো ঝাঁপিয়ে।
ক্ষুধার্ত সব বাতাসের মুখে
বিদ্যুত্ ভরা বিক্ষোভ,
আসতো তাদের বায়ু প্রতিনিধি
বসন্তে যারা নির্লোভ।
ঝড়ো হাওয়াদের ব্রিফিং চলতো
টিভি ক্যামেরার সামনে,
বলতো জনতা বা যার প্রাপ্য
ন্যায্য শ্রমের দাম’নে।
বৈশাখ আর প্রান্তিকজন
দু’জনের কাঁধে সব দায়,
এখন নগরে বৈশাখ আসে
টেলিভিশনের পর্দায়।