৫ জেলায় বজ্রপাতে ৮ জনের প্রাণহানি

বিভিন্ন স্থানে বজ্রপাতে শিক্ষার্থীসহ আটজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার ও গতকাল শনিবার এসব ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

হোমনা (কুমিল্লা): হোমনায় বজ্রপাতে মো. ফাহাদ (১৪) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে উপজেলার দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও পাথালিয়াকান্দি গ্রামের মো. মোসলেমউদ্দিনের ছেলে। গতকাল সকালে বৃষ্টির সময় ফাহাদ বাবার সঙ্গে জমি থেকে কাটা ধান আনতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ, চুনারুঘাট ও মাধবপুরে বজ্রপাতে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন: নবীগঞ্জ উপজেলার গুজাখাইড় গ্রামের সিজিল মিয়া (৪৫) নামের এক কৃষক ও চুনারুঘাট উপজেলার আমু চা-বাগানের সীমা উরাও (২৬) নামের এক নারী এবং মাধবপুর উপজেলার বুল্লা গ্রামের ফয়সল মিয়া (৩৫) নামের এক ধান কাটার শ্রমিক। এসময় গুরুতর আহত হয় সামসু মিয়া ও খোকন মিয়া। গত শুক্রবার এ ঘটনা ঘটে।

ফকিরহাট (বাগেরহাট): ফকিরহাট উপজেলার শুভদিয়ার তেকাটিয়া গ্রামে বজ্রপাতে মনির হোসেন মনি (৫০) নামের এক মত্স্য চাষির মৃত্যু হয়েছে। গতকাল সকালে তেকাটিয়া গ্রামে মনির নিজের মত্স্য ঘেরে শুয়ে থাকা অবস্থায় বজ্রপাতে তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ: উল্লাপাড়ায় বজ্রপাতে দুই কৃষি শ্রমিক নিহত এবং দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন: সলঙ্গা ইউনিয়নের রঘিয়াদীঘি গ্রামের ফজল শেখের ছেলে ইদ্রিস আলী (৩৫) এবং মহিরউদ্দিনের ছেলে আব্দুল জব্বার (৩৬)।

বাগাতিপাড়া (নাটোর): বাগাতিপাড়ায় বজ্রপাতে আবু হাসনাত ভুলু (৩৭) নামে একজন নিহত হয়েছেন। এ সময় নিহতের ভাতিজা রাব্বি হোসেন আহত হয়।