চীনে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ শেষে ফিরেছে নৌবাহিনীর জাহাজ ‘আবু বকর’

চীনের চিন দাউয়ে অনুষ্ঠিত পাঁচদিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০১৪’ এ অংশগ্রহণ শেষে গতকাল মঙ্গলবার বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘আবু বকর’ চট্টগ্রাম নেভাল জেটিতে পৌঁছেছে। সেখানে কমান্ডার, চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল কাজী সারোয়ার হোসেন, (ট্যাজ) (সিডি), এনসিসি, পিএসসি নৌ প্রতিনিধি দলকে স্বাগত জানান। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডারগণ, পদস্থ সামরিক কর্মকর্তা, জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গত ২১-২৫ এপ্রিল চীনে অনুষ্ঠিত ১৪তম পশ্চিম প্রশান্ত নৌ সিম্পোজিয়ামের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘আবু বকর’ ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০১৪ এবং মাল্টিলেটারাল মেরিটাইম এক্সারসাইজ এ অংশগ্রহণ করে। এতে বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ যোগ দেয়। উক্ত মহড়ায় নৌবাহিনী জাহাজ ‘আবু বকর’ এর অধিনায়ক কমান্ডার আফজালুল হকের অধীনে ২৬ কর্মকর্তাসহ সর্বমোট ১৭৯ জন নৌ সদস্য অংশগ্রহণ করেন। এ সফরে নৌবাহিনী প্রতিনিধি দলের প্রধান হিসাবে নেতৃত্ব দেন কমডোর কমান্ডিং বিএন ফোটিলা কমডোর এম খালেদ ইকবাল। -আইএসপিআর