দিনাজপুরে সংখ্যালঘু পরিবারের উপর হামলা, আহত ৫

পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় সংখ্যালঘু পরিবারের ৫ জন আহত ও লক্ষাধিক টাকার মালামাল বিনষ্ট হয়েছে। সোমবার বিকেলে পার্বতীপুর উপজেলার হরিরামপুর শাহাপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় সংখ্যালঘু পরিবারের ৫ জন আহত হন। আহতরা হলেন বাবুল চন্দ্র রায় (৩০), স্বপন চন্দ্র রায় (২৬), পূর্ণিমা রায় (২৭), নিবা রানী (৫৫) ও আরতী রানী (২২)। আহতদের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযোগে প্রকাশ, একই গ্রামের রবি মাস্টার, জামান, সাখায়াত, শাহাদত্ হোসেন, কামরুজ্জামান, শফিকুল ইসলাম ও রফিকুল ইসলামসহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বাবুল চন্দ্র ও স্বপন চন্দ্রের বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ ঘটনায় বাবুল চন্দ্র বাদী হয়ে পার্বতীপুর থানায় মামলা দায়ের করেছেন।