ভেনিজুয়েলায় কারাগারে সংঘর্ষে নিহত ২৯

ভেনিজুয়েলার একটি পুলিশ স্টেশনের অভ্যন্তরের কারাগারে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৯ বন্দি নিহত হয়েছেন। পর্তুগেজা প্রদেশের আকারিউয়া পুলিশ স্টেশনে শুক্রবার এ ঘটনা ঘটে। বন্দিরা পুলিশের ওপর ব্যাপক গুলিবর্ষণ করে। তারা এত অস্ত্র কোথায় পেল তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। খবর বিবিসির

পর্তুগেজা প্রদেশের প্রধান জননিরাপত্তা কর্মকর্তা অস্কার ভালেরো জানিয়েছেন, এ ঘটনায় ১৯ পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি বলেন, বিশেষ পুলিশ বাহিনীর সদস্যরা বন্দিদের পালাতে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। পুলিশ সদস্যরা গুলির  মুখে পড়ে বলেও দাবি করেন তিনি। দেশটির মানবাধিকার সংগঠনগুলো জানায়, ওই পুলিশ স্টেশনের হাজতে ২৫০ বন্দি রাখার ব্যবস্থা থাকলেও সেখানে সাড়ে ৫শ’ বন্দি রাখা হয়েছিল। জননিরাপত্তা কর্মকর্তা অস্কার ভালেরো আরো জানান, সংঘর্ষ বাধলে বন্দিরা পুলিশের ওপর বৃষ্টির মতো গুলি চালায়। এমনকি তারা গ্রেনেডও নিক্ষেপ করে। দেশটির প্রিজনস অবজারভেটরি রাইটস গ্রুপের হামবার্তো প্রাদো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বন্দি-পুলিশের মধ্যে সংঘর্ষে কেবল বন্দিরাই মারা গেল এটা কি করে হয়।