বৌদ্ধ পূর্ণিমা উদযাপন
প্রকাশ : ১৩ মে ২০১৪, ২১:১১
গত মঙ্গলবার দেশের বিভিন্নস্থানে বুদ্ধ সম্প্রদায়ের বৃহত্ ধর্মীয় উত্সব বৌদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়েছে। —খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
জয়পুরহাট \ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে বুদ্ধ সম্প্রদায়ের বৃহত্ ধর্মীয় উত্সব বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়। মঙ্গলবার সকালে উচাই সুর্যাপুর উপসংঘরাজ ড. জ্ঞানশ্রী বৌদ্ধ বিহার কমপ্লে¬ক্স-এর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় হতে এক র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসন চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্যপরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, সুনীল উড়াও, অপূর্ব সরকার প্রমুখ।
মিরসরাই (চট্টগ্রাম) \ মিরসরাইয়ে দমদমা অভয়শরণ বৌদ্ধ বিহারের উদ্যোগে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে ১০ দিনব্যাপী ভাবনা কোর্স সমাপনী এবং প্রয়াত অভয়শরণ মহাস্থবিরের স্মৃতি মন্দির উত্সর্গ সংস্থাপন ও ধর্ম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিহার প্রাঙ্গণে এসব অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রীমত্ জীনালংকার মহাস্থবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমত্ শাসন প্রিয় মহাস্থবির।
বান্দরবান \ নানা আয়োজনে বান্দরবানে বৌদ্ধ পূর্ণিমা পালন করেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বুদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধের জন্মদিনকে ঘিরে বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিশু-কিশোররা বালাঘাটাস্থ বৌদ্ধ ধাতু স্বর্ণ মন্দিরের বৌদ্ধ ভিক্ষুদের ছোয়াইং দান করেন। এছাড়াও কালাঘাটাস্থ রাম জাদী বৌদ্ধ বিহার, কেন্দ্রীয় বৌদ্ধ বিহার এবং রাজগুরু বৌদ্ধ বিহারে বৌদ্ধ ভিক্ষুদের ছোয়াইং দান এবং গৌতম বুদ্ধের স্মরণে ধর্মীয় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।