বান্দরবানে অপহূত আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

বান্দরবানে অপহূত আওয়ামী লীগের পৌর কমিটির সহ-সভাপতি চথোয়াই মং মারমা’র লাশ উদ্ধার করা হয়েছে। অপহরণের তিনদিন পর শনিবার দুপুরে রাজবিলা ইউনিয়নের জর্দান পাড়া পাহাড়ের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের দুর্গম জর্দান পাড়া পাহাড়ের জঙ্গলে শনিবার সকালে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। জঙ্গলে পড়ে থাকা লাশটি অপহূত আওয়ামী লীগ নেতা চথোয়াই মং মারমার বলে শনাক্ত করে তার পরিবার। মরদেহটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অপহূতের ছেলে থোয়াই থোয়াই হ্লা মারমা বলেন, গত বুধবার রাতে উজিপাড়া থেকে অস্ত্রের মুখে তাকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। কারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এখনো জানি না।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর বলেন, এ ঘটনার প্রতিবাদে আজ সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগ অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করবে। এদিকে অপহরণ এবং হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছে। তবে জনসংহতি সমিতির জেলা সভাপতি উছোমং মারমা বলেন, আওয়ামী লীগ নেতা অপহরণ এবং হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জনসংহতি সমিতি জড়িত নয়। আমরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলেন, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

আজ অর্ধদিবস হরতাল

এদিকে চথোয়াই মং মারমাকে হত্যার প্রতিবাদে আজ রবিবার অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। হরতালের সমর্থনে গতকাল সন্ধ্যায় শহরে মাইকিং করা হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম জাহাঙ্গীর বলেন, চথোয়াই মং মারমাকে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বান্দরবানে সকাল থেকে অর্ধদিবস হরতাল পালিত হবে। সদর থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।