গাজীপুরে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ ৯ শিবির কর্মী আটক
প্রকাশ : ১৩ মে ২০১৪, ২১:১২
গাজীপুরস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ইসলামী ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জয়দেবপুর থানার পুলিশ গত সোমবার রাতে শিবিরের ডুয়েট শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ ৯ শিবির কর্মীকে আটক করেছে।
গতকাল মঙ্গলবার ছাত্রলীগের ডুয়েট শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাসুম জানান, সোমবার রাতে ডুয়েটের কাজী নজরুল ইসলাম হলের একটি রুমে শিবিরের ক্যাডাররা বহিরাগত কিছু শিবির কর্মী অবস্থান নিয়ে একটি সভা করছিল। এ সময় শিবির কর্মীদের সঙ্গে ছাত্রলীগের হল শাখার কয়েকজন নেতার কথা কাটাকাটি হয়। বিষয়টি বিভিন্ন হলে ছড়িয়ে পড়লে শিবির কর্মীরা সংগঠিত হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের উপর হামলা চালায়। এতে ছাত্রলীগ কর্মী হাসান আল মান্না আহত হয়।
শিবির নেতারা জানান, বিনা উস্কানিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিতভাবে শিবিরের কর্মীদের উপর হামলা চালায়। এ সময় ছাত্রলীগ কর্মীরা শিক্ষকদের সামনেই শিবিরের সাথীদের বই পুস্তক, আসবাবপত্র ছুঁড়ে ফেলে দেয়। তারা বেশ কয়েকটি কম্পিউটারও ভাংচুর করে। এতে শিবিরের অন্তত ৪০ নেতা-কর্মী আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় বেশ কয়েকজন শিবির নেতা-কর্মীকে বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেয়া হচ্ছে।