গণভোটের ফল বাস্তবায়নের আহ্বান
রাশিয়ার, ইউক্রেনের দাবি ‘প্রহসন’
প্রকাশ : ১৩ মে ২০১৪, ২১:১৩
পূর্ব ইউক্রেইনের ডোনেস্ক ও লুহানস্কে রুশপন্থিদের অনুষ্ঠিত গণভোটের ফল বাস্তবায়নের আহ্বান জানিয়েছে রাশিয়া। ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে পূর্ব ইউক্রেইনের জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখানো উচিত বলে মন্তব্য করেছে মস্কো । তবে ইউক্রেইন এ গণভোটকে আইনি ভিত্তিহীন এক ‘প্রহসন’ বলে উড়িয়ে দিয়েছে।
এদিকে ইউক্রেইনের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ওলেস্কান্দর তুর্কিনোভ পূর্বাঞ্চলে রুশপন্থি বিক্ষোভকারীদের অনুষ্ঠিত গণভোটকে কোনোরকম আইনি ভিত্তিবিহীন এক ‘প্রহসন’ বলে নিন্দা করেছেন।
সোমবার পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি বলেন, “বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা যে প্রহসনকে গণভোট বলছে তা তাদের হত্যা, অপহরণ ও সহিংসতাসহ অন্য গুরুতর অপরাধ ধামাচাপা দিয়ে রাখার জন্য এক ধরনের প্রচারণা ছাড়া আর কিছু নয়।” রবিবার ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় ডোনেস্ক ও লুহানস্কে গণভোট হয়। স্ব-শাসন প্রশ্নে এ গণভোটে ডোনেস্কে ৮৯ শতাংশ এবং লুহানস্কের ৯৬ শতাংশ ‘হ্যাঁ’ ভোট পড়েছে।
গণভোটে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতির কথা উল্লেখ করে ক্রেমলিন বিবৃতিতে বলেছে, এতে জনগণের ইচ্ছারই প্রতিফলন ঘটেছে। শক্তি প্রয়োগ এবং ভারি অস্ত্র ব্যবহার করে ইউক্রেইন গণভোটে বাধা দেয়ার চেষ্টা করেছে বলেও বিবৃতিতে অভিযোগ করেছে মস্কো।
সব বাধাবিঘ্ন পেরিয়ে গণভোট অনুষ্ঠিত হওয়ার পর এখন এর ফল কোনোরকম সহিংসতা ছাড়া শান্তিপূর্ণ এবং ভদ্রভাবে বাস্তবায়ন করা হবে এমনটিই আশা করছেন বলে জানিয়েছেন রাশিয়ার কর্মকর্তারা।
একইসঙ্গে ডোনেস্ক ও লুহানস্ক এর সঙ্গে কিয়েভের আলোচনায় বসার আহ্বানও জানান তারা। ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার অংশগ্রহণে এ আলোচনা অনুষ্ঠানের পরমার্শ দেন কর্মকর্তারা।
ঐদিকে, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরো বাড়িয়েছেন। এবার নিষেধাজ্ঞার কবলে পড়েছে ক্রিমিয়া অঞ্চলের দুটি কোম্পানি ও ১৩ জন ব্যক্তি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের নাম প্রকাশ করা হতে পারে। এসব কোম্পানি ও ব্যক্তির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করাসহ সম্পদ জব্দ করা হতে পারে। তাছাড়া, রাশিয়ার ওপর আরো কতটা বিস্তৃত পরিসরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা যায় তা নিয়ে আলোচনা করছেন ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা।