মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন রায়পুরায় প্রচারাভিযান
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
প্রকাশ : ১৩ মে ২০১৪, ২১:১৪
আগামী ৪ জুন অনুষ্ঠিতব্য রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারাভিযানে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনে উপজেলা কমান্ডার পদে ৪ জনসহ বিভিন্ন বিভাগীয় পদে ৪টি প্যানেলে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে সংগঠনের কল্যাণে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। নির্বাচনকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাদের মাঝে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার পদপ্রার্থীগণ হচ্ছেন : মোঃ নজরুল ইসলাম, আঃ গফুর, মোহাম্মদ আলী ও ফজলুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুল মতিন জানান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে ১ হাজার ৪ শত ৩৭ জন ভোটার রয়েছেন। উল্লেখ্য, আজ বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে বলে জানা যায়।