ভারতের শেয়ার বাজার চাঙ্গা

নির্বাচনের মধ্য দিয়ে ভারতে সরকার পরিবর্তন হতে পারে এমন প্রত্যাশার প্রভাব পড়েছে শেয়ার বাজারে। নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদি ক্ষমতায় আসতে পারেন এমন আশায় বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন বিনিয়োগকারীরা। এর ফলে গত কয়েক মাসের মধ্যে শেয়ার বাজারের সূচক সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। সোমবার নির্বাচনের শেষ দিনে ভারতের প্রধান পুঁজিবাজারের সূচক ২.৪ শতাংশ বাড়ে। মঙ্গলবারও এর ঊর্ধ্বগতি অব্যাহত ছিলো। দিনের শুরু থেকেই বাড়তে থাকে লেনদেন। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিনিয়োগকারীরা আশা করছেন মোদি সরকার ক্ষমতায় আসলে ভারতের অর্থনীতিতে যে স্থবিরতা তৈরি হয়েছে তা কেটে যাবে। নতুন করে গতি পাবে অর্থনীতি। লম্বার্ড ওডিয়ার ইনভেস্টমেন্ট ম্যানেজারস-এর কর্মকর্তা সালমান আহমেদ বলেন, মোদি সরকার ক্ষমতায় আসলে দুইটি পরিবর্তন আসতে পারে। অর্থনীতি সহায়ক সরকার গঠিত হবে এবং অবকাঠামোগত উন্নয়নে নজর দেবে সরকার। মোদি তার নির্বাচনী প্রচারণায় নিজ রাজ্যের অর্থনীতির প্রবৃদ্ধির কথা তুলে ধরে অর্থনীতি বান্ধব সরকার গঠনের প্রতিশ্রুতি দেন।