বিভিন্ন স্থানে পাঁচজন খুন
প্রকাশ : ১৩ মে ২০১৪, ২১:১৫
মুন্সীগঞ্জের স্বামীর হাতে স্ত্রী খুনসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় পাঁচজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
মুন্সীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন
মুন্সীগঞ্জ সদর উপজেলার নতুনগাঁও গ্রামে গত সোমবার গভীর রাতে মুক্তা বেগম (২৪) নামে এক গৃহবধূকে হত্যা করেছে স্বামী। যৌতুক নিয়ে ঝগড়ার এক পর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে স্ত্রী হত্যার কথা গ্রেফতারকৃত মো. মুস্তাকিন পুলিশের কাছে স্বীকার করেছে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. ইয়ারদৌস জানান, প্রায় আট বছর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বাসিন্দা মুক্তার সাথে মুস্তাকিনের বিয়ে হয়। প্রায় যৌতুক নিয়ে তাদের ঝগড়া হতো।
গাইবান্ধায় শ্বশুর বাড়িতে
জামাই খুন
গাইবান্ধা সদর উপজেলার কুপতলা গ্রামে গত সোমবার রাতে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে কামরুজ্জামান সরকার নয়ন (২৫) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, কামরুজ্জামান শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে জুয়া খেলে অনেক টাকা খোয়া যায়। রাতে বাড়ি ফিরলে জুয়া খেলা নিয়ে স্ত্রী তাকে গালিমন্দ করেন। এক পর্যায়ে স্ত্রীকে সে মারধর করে। এ সময় শ্যালক, শ্বশুর ও শ্বশুর বাড়ির লোকজন তাকে মারধর করে। এতে সে অসুস্থ হলে মুখে কীটনাশক ঢেলে দেয়। পরে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২টায় চিকিত্সাধীন অবস্থায় মারা যান। নিহত কামরুজ্জামানের চাচা শফিকুল ইসলাম সাজু জানান, দীর্ঘদিন ধরে কামরুজ্জামানের সাথে তার স্ত্রীর মনোমানিল্য চলছিল। এ কারণেই স্ত্রী, শ্বশুর, শ্যালক ও শাশুড়ি মিলে পরিকল্পিতভাবে তাকে হত্যা করছে। সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, বিষয়টি বেশ রহস্যজনক। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ নিয়ে থানায় একটি মামলা হয়েছে।
জলঢাকায় যুবকের
লাশ উদ্ধার
নীলফামারীর জলঢাকায় গতকাল মঙ্গলবার সকালে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে সুকুমার রায় (২০) নামে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের বড় ভাই ও এলাকাবাসী জানায়, পৌরসভার ৭নং ওয়ার্ডের সুকুমার রায় ও প্রতিবেশি লিপি রানীর প্রেম চলছিল। এ নিয়ে কিছুদিন পূর্বে সালিশ হয়েছিল। প্রেমের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে মৃতের জ্যাঠাতো ভাই বড়দা মোহন জানান।
গোপালগঞ্জে যুবক হত্যা
গোপালগঞ্জের সদর উপজেলার খাগাইল গ্রাম থেকে গতকাল মঙ্গলবার সকালে নাইচ শরীফ (৩০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের ভাই রইচ শরীফ জানান, নাইচ সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। পরদিন উত্তর খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি বড়ই গাছের নীচে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান আজিজ জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
কালীগঞ্জে ধান কাটা
নিয়ে একজন নিহত
লালমনিরহাটের কালীগঞ্জে ধান কাটাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সকালে দুপক্ষের সংঘর্ষে আবুল কাশেম (৬০) নামে এক ব্যক্তি নিহত ও ছয়জন আহত হয়েছেন। জানা গেছে, উপজেলার উত্তর দলগ্রাম গ্রামের মালেক ও খালেক দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে বর্তমানে আদালতে মামলা চলছে। বিরোধীয় জমিতে মালেক বোরো ধান রোপণ করেন। খালেক লোকজন নিয়ে জমির ধান কাটাতে গেলে মালেক তাতে বাধা দিলে সংঘর্ষ হয়। এতে খালেকের লোকজন রামদার কোপে ঘটনাস্থলেই কাশেম মারা যান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকালে লালমনিরহাটরে পুলিশ সুপার টি এম মোজাহেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) ওসমান আলী জানান, সন্দেহভাজন সাতজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।