মাদক নিয়ে বিরোধ

নরসিংদীতে স্কুল ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

মাদক বিক্রির ঘটনাকে কেন্দ্র করে বাড়ি থেকে ডেকে নিয়ে জসীম নামে এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার নরসিংদী শহর এলাকার ঘোড়াদিয়া গ্রামে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। হত্যাকাণ্ডের পর নিহত জসীমের আত্মীয়-স্বজনরা পার্শ্ববর্তী আয়েছ আলীর বাড়ি-ঘর আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। নিহত জসীমউদ্দিন স্থানীয় কারিগরি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল বলে জানা গেছে। নিহত জসীমের পারিবারিক সূত্রে জানা গেছে, মাদক বিক্রি নিয়ে বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার কয়েকজন বন্ধু জসীমউদ্দিনকে ডেকে নিয়ে যায়। পরে জসীমউদ্দিনকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। খবর পেয়ে আত্মীয়-স্বজনরা জসীমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে।