মানিকগঞ্জে কালবৈশাখীতে আহত ৫০, দুইশ বাড়ি বিধ্বস্ত
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৩ মে ২০১৪, ২২:৩৪
উপজেলায় বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে কমপক্ষে অর্ধশত লোক আহত হয়েছে। প্রবল ঝড়ে দুইশ বাড়ি বিধ্বস্ত হয়। দমকা ও ঝড়ো হাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে।
গতকাল বিকালে দক্ষিণ দিক থেকে আসা প্রবল ঝড়ে সদর উপজেলার শিমুলিয়া, ডাউটিয়া, কয়ড়া ও রৌহা গ্রামের দুই শতাধিক ঘর ও একাধিক স্কুলের চাল উড়ে যায়। ভেঙ্গে পড়া ঘর ও গাছ-পালার আঘাতে অর্ধশতাধিক লোক আহত হয়। উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের কর্মকর্তা সালাহ উদ্দিন জানান, ঝড়ে পদ্মা-যমুনায় সৃষ্ট প্রবল ঢেউয়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ছোট-বড় ফেরি চলাচল মারাত্মক ব্যাহত হয়।