সম্ভাবনাময় দেশ বাংলাদেশ
প্রকাশ : ১৩ মে ২০১৪, ২২:৫৯
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল মঙ্গলবার ঝিনাইদহের বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, ঘাম না ঝরালে ও পরিশ্রম না করলে উন্নয়ন হয় না। তিনি আরো বলেন, বাংলাদেশ সম্ভাবনাময় দেশ। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে। এটা এই দেশের মানুষের চেষ্টায় সম্ভব হয়েছে।
মার্কির রাষ্ট্রদূত সকালে কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামে এশিয়ার বৃহত্তম বলে পরিচিত বটগাছ পরিদর্শন করেন। এরপর ঝিনাইদহ ক্যাডেট কলেজ পরিদর্শন করেন। এখানে তিনি ছাত্র-শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। দুপুরে হাইকোর্টের এডভোকেট আসাদুজ্জামানের আমন্ত্রণে শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামে যান। আসাদুজ্জামানের বাসভবনের তিনি মধ্যাহ্ন ভোজে অংশ নেন।
বিকালে মজীনা ঝিনাইদহ ভেটেনারি কলেজ পরিদর্শন করেন। এ সময় তিনি কলেজের শিক্ষক ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের কাছে গরু ও লাঙ্গল দিয়ে জমি চাষ বিষয়ে জানতে চান। কলেজের ছাত্র-শিক্ষকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, তিনি কৃষি খামারে কাজ করেছেন। আফ্রিকাতে তিনি তার স্ত্রীর পোলট্রি খামারে কাজ করেছেন বলেও জানান। পরে তিনি শহরে ইউএসএআইডি’র সহায়তায় পরিচালিত ‘সূর্যের হাসি’ ক্লিনিক পরিদর্শন করেন।
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, উপজেলার মল্লিকপুরে বটগাছ পরিদর্শনকালে মজীনা বলেন, ‘বাংলাদেশের মানুষ উদ্যোমী, পরিশ্রমী, সাহসী ও ধর্যৈশীল। আমার দৃষ্টিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’ তাকে সেখানে স্বাগত জানান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। রাষ্ট্রদূত বটগাছ এলাকা ঘুরে দেখেন এবং ছবি তোলেন।