দশ লাখ টাকা ছিনতাই দুই দারোগা গ্রেফতার

রাজধানীর কাফরুলে গুলি করে বিকাশের দশ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের দুই দারোগা গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর মঞ্জুরুল ইসলাম হাবিব ও রমনা থানার সাব-ইন্সপেক্টর মোজাহিদুল ইসলাম। কাফরুল থানা পুলিশ সোমবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে। রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের ডিসি ইমতিয়াজ আহমেদ বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই রমনা ও যাত্রাবাড়ীর দুই সাব-ইন্সপেক্টরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, বিকাশের এজেন্ট আবুল কালাম। তিনি গত ৮ এপ্রিল দুপুরে মিরপুর ১৪ নম্বর সেকশনের নিজ অফিস থেকে ১০ লাখ টাকা নিয়ে মোটর সাইকেলে ১০ নম্বর সেকশনের ব্র্যাক ব্যাংক শাখায় যাচ্ছিলেন। ব্যাংকের কাছাকাছি পৌঁছালে মোটর সাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এসময় দুর্বৃত্তদের গুলিতে আবুল কালাম ও সাইদুর রহমান নামে এক প্রাইভেটকার চালক আহত হন। এ ঘটনায় আবুল কালাম কাফরুল থানায় মামলা করেন। গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানান, ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলাটি কাফরুল থানা পুলিশ তদন্ত করছে। তবে আসামিদের গ্রেফতারের ব্যাপারে গোয়েন্দা পুলিশ থানাকে সহায়তা প্রদান করে। এরই ধারাবাহিকতায় পুলিশ চার ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ছিনতাইকারীদের দেয়া তথ্য মতে তাদেরকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের ঐ কর্মকর্তা আরো বলেন, গ্রেফতারকৃত ছিনতাইকারীদের সঙ্গে দুই সাব-ইন্সপেক্টরের নিয়মিত যোগাযোগ রয়েছে। তারা ছিনতাইকৃত ১০ লাখ টাকার ভাগ নিয়েছিলেন। তবে কাফরুল থানার ওসি আবুল কাইয়ুম এ ব্যাপারে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, মামলাটি তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ। কিন্তু মহানগর গোয়েন্দা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, মামলাটি কাফরুল থানা পুলিশ তদন্ত করছে। গোয়েন্দা পুলিশ তাদের সহায়তা দিচ্ছে। মতিঝিলে ২০ লাখ টাকা ছিনতাই গত ১০ মে রাজারবাগ টেলিকম ভবনের কাছে বিকাশের এজেন্ট গিয়াসউদ্দিনের কাছ থেকে দুর্বৃত্তরা অস্ত্র ঠেকিয়ে ২০ লাখ টাকা নিয়ে যায়। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়। পুলিশের একটি সূত্র জানায়, ঐ ছিনতাইয়ের ঘটনায় পুলিশের ঐ দুই সাব-ইন্সপেক্টরের যোগসূত্র রয়েছে।