মনমোহনের ব্যক্তিগত সততা নিয়ে কোন প্রশ্ন নেই :বিজেপি

লোকসভা নির্বাচন শেষ হবার পর ভারতের বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সত্ মানুষ হিসেবে উল্লেখ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপি নেতা অরুন জেঠলি গতকাল মঙ্গলবার বলেছেন, ব্যক্তি মনমোহনের সততা কখনো প্রশ্নবিদ্ধ হয়নি। তার সততা নিয়ে কারো মনে কোনো প্রশ্ন নেই একথা খোলাখুলি স্বীকার করবে বিজেপি। তবে মনমোহন কখনো ‘নেতা’ হয়ে উঠতে পারেননি বলে তিনি মন্তব্য করেন। জেঠলি বলেন, কোনো গভীর বিষয় নিয়ে যখন আপনি মনমোহনের সঙ্গে আলোচনা করবেন তখন তার জ্ঞানের জ্ঞানের পরিচয় পাবেন। তিনি মাপা কথা বলেন এবং কোনো মতামত দেয়ার আগে চিন্তাভাবনা করেন। যেকোন কাজ করার আগেও গভীর চিন্তা করেন তিনি। ব্যক্তিগত ভাবে তিনি অতুলনীয় ব্যক্তি হলেও দেশবাসীর উদ্দেশে যখন তিনি বক্তৃতা দিয়েছেন তখন নেতা হিসেবে আবির্ভূত হতে পারেননি। সেটা অবশ্য তার ব্যক্তিগত নয়, সরকারের সমষ্টিগত ব্যর্থতা বলে বিজেপি মনে করে। বিজেপি আরো মনে করে, নানা দুর্নাম নিয়ে ইউপিএ সরকারের মেয়াদ শেষ হলেও মনমোহন দৃঢ়তা ও মর্যাদা নিয়েই বিদায় নিচ্ছেন।