রাবিতে পরীক্ষা বন্ধে বিভাগে তালা ঝুলাল ছাত্রলীগ

ছাত্রলীগ নেতা মেহেদী হাসান অসুস্থ দাবি করে পরীক্ষা বন্ধের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও বিভাগ সূত্র জানায়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের ৫ নম্বর কোর্সের চূড়ান্ত পরীক্ষা নেয়ার জন্য একাডেমিক বৈঠকে সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী গতকাল সকালে ২০-২৫ শিক্ষার্থী নিয়ে পরীক্ষা নেয়া শুরু হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসানও ঐ বিভাগের মাস্টার্সের পরীক্ষার্থী ছিলেন। তার প্রস্তুতি না থাকায় তিনি অসুস্থতার কথা বলে পরীক্ষা বন্ধ করতে বিভাগকে অনুরোধ করেন; কিন্তু একজনের জন্য পরীক্ষা না পিছানোর কথা বিভাগ থেকে জানিয়ে দেয়া হয়। এতে গতকাল সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি রানা চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পদক ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুসতাকিম বিল্লাহর নেতৃত্বে ২০-২৫ নেতাকর্মী ভবনের ২০৪ নম্বর কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষকদের লাঞ্ছিত করে। তারা পরীক্ষা দিতে আসা অন্য শিক্ষার্থীদেরকেও পরীক্ষা না দেয়ার জন্য হুমকি দেয়। অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করে দেয়া হয়েছে বলে বিভাগ থেকে জানানো হয়েছে। এদিকে ঐ ঘটনার সময় ইসলামের ইতিহাস বিভাগের কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের শার্টের কলার ধরেন ও লাথি মারেন বলে অভিযোগ পাওয়া গেছে। ছাত্রলীগের সহ-সভাপতি রানা চৌধুরী বলেন, আমাদের এক বন্ধু অসুস্থ হওয়ায় বিভাগে এসে আমরা পরীক্ষা পেছানোর জন্য আবেদন করি; কিন্তু বিভাগের কোন শিক্ষক আমাদের কথা শোনেননি। তবে তালা দেয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি সৈয়দা নূরে কাসেদা খাতুন বলেন, এক শিক্ষার্থী অসুস্থতার কথা বলে পরীক্ষা বন্ধ করতে বলেছিল। আমরা পরীক্ষা বন্ধ করিনি। এতে ক্ষিপ্ত হয়ে বেশ কিছু ছেলে এসে পরীক্ষার কক্ষে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশের চেষ্টা করে এবং অনেক শিক্ষককে তারা লাঞ্ছিত করে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, সমস্যার কারণে যদি শিক্ষার্থীরা পরীক্ষা না দিতে চায় তাহলে এটা একান্তই তাদের বিষয়। আর পরীক্ষা বন্ধ বা চালু করার বিষয়টি বিভাগের। এতে ছাত্রলীগের কেউ জড়িত নয় বলে দাবি করেন তিনি।