টিভি বিস্ফোরণে দগ্ধ তিন
প্রকাশ : ১৩ মে ২০১৪, ২৩:০৫
রাজধানীর মিরপুর এলাকায় একটি গোডাউনে টেলিভিশন বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন-মনোয়ার হোসেন (৪২), আরেফিন ওরফে আরিফ (৩০) ও মিনারা বেগম (৩৫)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিত্সকরা জানিয়েছেন, আহত তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।
দগ্ধ আরেফিনের বড় ভাই মোহাম্মদ উজ্জল জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে মিরপুর ১২ নম্বর সাংবাদিক প্লটের ৫৩ নম্বর বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঐ বাসায় গার্মেন্টসের গোডাউন ছিল। বিস্ফোরণে গোডাউন মালিক আরিফ, কর্মচারী মনোয়ার ও ক্রেতা মিনারা আহত হন। দগ্ধ মনোয়ারের বাবার নাম মোসলেহ উদ্দিন। তাদের বাড়ি মেহেরপুরের মজিদনগর থানার আনন্দবাগ গ্রামে। আরিফের বাবার নাম মিন্টু মিয়া।
দগ্ধ মিনারা জানান, সাংবাদিক কলোনির ঐ বাসায় পাইকারি কাপড়ের ব্যবসা ছিল। বিভিন্ন স্থান থেকে কাপড় কিনে এনে তা পাইকারি বিক্রি করা হতো। গতকাল সকালে ঐ বাসায় হঠাত্ বিকট শব্দে টেলিভিশনে বিস্ফোরণ ঘটে। এতে তারা তিনজন দগ্ধ হন।
বার্ন ইউনিটের চিকিত্সকরা জানিয়েছেন, আরিফের শরীরের ৯৫ শতাংশ, মনোয়ারের শরীরের ৫৮ শতাংশ ও মিনারার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।
পল্লবী থ?ানার ওসি সৈয়দ জিয়াউজ্জামান জানান, টেলিভিশন সেটের পেছনের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া ওই কক্ষে থাকা বেশ কিছু কাপড়ও পুড়ে গেছে। তবে কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা জানা যায়নি।