বিএনপিই র্যাবকে ‘স্বাধীনতা পদকে’ ভূষিত করেছিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার র্যাব বিলুপ্তি দাবির সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মাথা ব্যথা হওয়ায় কোন ডাক্তার যদি মাথা কেটে ফেলার পরামর্শ দেয় তাহলে সেই ডাক্তারের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠে। তিনি বলেন, বিএনপি আমলে দেশে এবং বিদেশে মানবাধিকার সংগঠনগুলো র্যাবের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছিল। কিন্তু সে সময় বিএনপিই র্যাবকে ‘স্বাধীনতা পদকে’ ভূষিত করেছিল। আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে র্যাবকে দেশের মানুষের কল্যাণ এবং নিরাপত্তা নিশ্চিতকরণে নিয়োজিত রেখেছে। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউস্থ সম্মিলিত মুক্তিযোদ্ধা ফ্রন্ট কার্যালয়ে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নারায়ণগঞ্জের ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে সরকার বদ্ধপরিকর। বিএনপি নেত্রীর উদ্দেশে হাছান বলেন, নারায়ণগঞ্জে গিয়ে মায়াকান্না না করে বরং বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় নিহত ও আহতদের বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের কাছে ক্ষমা চান। সম্মিলিত মুক্তিযোদ্ধা ফ্রন্টের মহাসচিব মাহাবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসেন হিলালী, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সমপাদক আব্দুল হক প্রমুখ।