রামুতে বুদ্ধ পূর্ণিমা উদযাপনে পুণ্যার্থীদের ঢল
রামু (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ১৩ মে ২০১৪, ২৩:০৬
বিপুল উত্সাহ উদ্দীপনার মধ্যদিয়ে গতকাল মঙ্গলবার ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে কক্সবাজারের রামুতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উত্সব শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে। রামু সীমা বিহার, মৈত্রী বিহার, ঐতিহাসিক রাংকুট বৌদ্ধ বিহার, উত্তর মিঠাছড়ি, ফারিকুল, হাজারীকুল, রাজারকুল বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে হাজার হাজার পুণ্যার্থী ও পর্যটক বিহারে সমবেত হন।
রামুর কেন্দ্রীয় সীমা বিহারে বুদ্ধ পূজা, পিন্ড দান, অষ্ট পরিষ্কার দান, প্রদীপ পূজা ও ধর্ম সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ধর্মসভায় সভাপতিত্ব করেন রামুর জন্মজাত ভারতের বম্বে অজন্তা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমত্ ধর্মরত্ন মহাথের। রামু সীমা বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞানন্দ্র ভিক্ষুর সঞ্চালনায় অনুষ্ঠিত ধর্মসভায় ধর্মদেশনা করেন ভিক্ষু শীলপ্রিয়, ভিক্ষু সারমিত্র থের, ভিক্ষু করুণাশ্রী থের প্রমুখ। এসময় বক্তব্য রাখেন অধ্যাপক অরবিন্দ বড়ুয়া, বৌদ্ধনেতা তরুণ বড়ুয়া, অলক বড়ুয়া প্রমুখ। বক্তারা বলেন, বুদ্ধের সাম্য ও মৈত্রীর বাণী বিশ্বব্যাপী সমাদৃত। তার অহিংসা ও সকল জীবের প্রতি দয়ার আদর্শ মানব কল্যাণের মূল কথা। বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় উত্সব। মহামতি বুদ্ধ ছিলেন মানবতাবাদী ব্যক্তিত্ব। তাঁর বাণী হল মহামৈত্রী। অকুশীলমন হল মৈত্রী, করুণা, মুদিতা ও উপেক্ষা। অন্তর্নিহিত আবেদন হল- সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রী পোষণ করা। আজকের ক্ষুব্ধ বিশ্বে বুদ্ধের মৈত্রীবাণীর মূল্য অপরিসীম। তিনি বলেছেন, জগতে শত্রুতা দ্বারা শত্রুতা জয় করা যায় না, শত্রুতাকে মৈত্রী দ্বারা জয় করবে।