ঢাকায় নারী চিকিত্সকের রহস্যজনক মৃত্যু

রাজধানীর রমনার বেইলি রোডের ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে গতকাল মঙ্গলবার একজন নারী চিকিত্সকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ডা. তানিয়া রশিদ (৩৫) পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চিকিত্সক। ডা. তানিয়া বেইলি রোডের নওরতন কলোনির এক বাড়িতে বসবাস করতেন। তার স্বামী বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক। তাদের একটি সন্তান রয়েছে। তানিয়ার গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়ায়। তানিয়ার পাশের বাড়িতে বসবাস করেন তার ফুফাতো ভাই খালিদ হোসেন সাঈদ। এ ঘটনার ব্যাপারে তিনি বলেন, ‘আমরা পাশাপাশি ভবনে থাকি। বিকাল সাড়ে চারটার দিকে তানিয়া ছাদ থেকে নিচে পড়ে যায়। এঘটনা দেখে স্থানীয় আশপাশের লোকজন চিত্কার শুরু করলে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি তানিয়া আহতাবস্থায় পড়ে আছে। এরপর তাকে ঢাকা মেডিক্যাল (ঢামেক) কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।’ তবে তানিয়া কীভাবে পড়ে গেছেন- তা বলতে পারেননি খালিদ। এদিকে রমনা থানা সূত্র জানায়, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে ডা. তানিয়া রশিদ গতকাল বিকালে ভবনের ছাদে রোদে শুকাতে দেয়া কাপড় নামাতে গিয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।