আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিত্সা নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সাম্প্রতিক বক্তব্যকে দায়িত্বহীন হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আদালতের রায়ে দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে সরকার দায়িত্ববোধ থেকে একজন রাজনৈতিক নেত্রী হিসেবে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেশের সর্বোচ্চ চিকিত্সা সেবা প্রতিষ্ঠানে চিকিত্সা করাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিত্সকগণ তার বিভিন্ন রোগ বিশ্লেষণ করে চিকিত্সা দিচ্ছেন। তার প্রতি অমানবিক আচরণ সরকার করতে পারে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন দায়িত্বশীল ব্যক্তি, তার কাছ থেকে এমন অসত্য বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
গতকাল শনিবার বিকালে সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও ৫শ শয্যার হাসপাতাল নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনশেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রায় নয়শ’ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জের শিয়ালকোলে জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর নামে স্থাপিত এই মেডিক্যাল কলেজের কাজের অগ্রগতিতে সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেন, এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন এবং সেই উদ্বোধনের দিন সিরাজগঞ্জবাসীর জন্য একটি স্বর্ণোজ্জ্বল দিন হয়ে থাকবে। ২০২০ সালের জুন মাসে এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবার কথা।
দেশের সার্বিক উন্নয়ন ধারার সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে মাইলফলক সৃষ্টি হয়েছে। এ সময় তাকে প্রকল্পের খুটিনাটি বিষয়ে অবহিত করেন গণপূর্ত বিভগের উপবিভাগীয় প্রকৌশলী শাহীন রেজা। সাথে ছিলেন শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী তালুকদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান চিনু, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি রাশেদ ইউসুফ জুয়েল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম প্রমুখ। পরে মোহাম্মদ নাসিম তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন।