‘শিখণ্ডী কথা’ নিয়ে বরগুনা, বরিশাল ও পটুয়াখালীতে মহাকাল নাট্য সম্প্রদায়

মহাকাল নাট্য সম্প্রদায় ‘শিখণ্ডী কথা’ নাটক নিয়ে দক্ষিণাঞ্চলে গিয়েছিল ৩ দিনের নাট্যসফরে। ২৫ জনের এ নাট্যদল ৮ মে সন্ধ্যায় নৌপথে দক্ষিণাঞ্চল যাত্রা করে। ৯ মে মহাকাল নাট্য সম্প্রদায় বরগুনা থিয়েটারের আয়োজনে ‘রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া’ শীর্ষক চারদিনব্যাপী নাট্য উত্সবে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স মঞ্চে মঞ্চস্থ করে ‘শিখণ্ডী কথা’, ১০ মে বরিশাল থিয়েটারের ‘৩০ বছর পূর্তি আয়োজন’-এ অশ্বিনী কুমার হলে মঞ্চস্থ করে ‘শিখণ্ডী কথা’ এবং ‘চেতনার সকাশে, মননের বিকাশে’ শীর্ষক ১২ দিনব্যাপী ‘সাহসিক নাট্যোত্সব-২০১৪’-এ পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘শিখণ্ডী কথা’ মঞ্চায়নের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলে নাট্যসফরের সমাপ্তি ঘটে। বরগুনা থিয়েটারের আয়োজনে চারদিনব্যাপী নাট্যোত্সবের সূচনা ঘটে ‘শিখণ্ডী কথা’ নাটক পরিবেশনের মধ্য দিয়ে। এ উত্সবে আরও নাটক পরিবেশন করে নবনাট (ঢাকা) ‘ভেলকী’, বরগুনা থিয়েটার মঞ্চস্থ করে ‘পেজ্গী’ এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বরগুনা পরিবেশন করে ‘কোর্ট মার্শাল’। কবিগুরুর জন্মবার্ষিকীকে স্মরণ করে সাহসিকের আয়োজনে ৮ মে সন্ধ্যায় এ নাট্যোত্সবের উদ্বোধন করেন বরেণ্য নাট্যকার-নির্দেশক-অভিনেতা মামুনুর রশীদ। এ উত্সবে সাহসিক এবারে দুজন নাট্য ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করে। তাঁরা হলেন নির্মল কুমার দাশগুপ্ত (মন্টু দা) এবং গাজী মইনউদ্দিন টারজান। ৮ মে উদ্বোধনী সন্ধ্যায় পরিবেশিত হয় প্রাঙ্গণেমোরের নাটক ‘শেষের কবিতা’, ৯ মে আরণ্যকের ‘রাঢ়াঙ’, ১০ মে প্রাঙ্গণেমোরের ‘শ্যামাপ্রেম’, ১১ মে মহাকাল নাট্য সম্প্রদায়ের ‘শিখণ্ডী কথা’, ১২ মে গলাচিপা থিয়েটারের ‘জমিদার দর্পণ’, ১৩ মে বরিশাল নাটরের ‘প্রাগৈতিহাসিক’ ও বরগুনা থিয়েটারের ‘পেজগী’, ১৪ মে সুবচন নাট্য সংসদের ‘মহাজনের নাও’। আজ সাহসিক (পটুয়াখালী) মঞ্চস্থ করবে ‘ওরা কদম আলী’, ১৬ মে থিয়েটার আর্ট ইউনিট করবে ‘কোর্ট মার্শাল’ ও ১৭ মে ‘আমিনা সুন্দরী’, ১৮ মে গণায়ন নাট্য সম্প্রদায় (চট্টগ্রাম) পরিবেশন করবে ‘কমরেডস্ হাত নামান’ এবং ১৯ মে নাট্যম রেপর্টরির নাটক ‘দমের মাদার’ মঞ্চায়নের মধ্য দিয়ে উত্সবের পরিসমাপ্তি ঘটবে। মীর জাহিদ হাসান