খোঁজখবর

হূদয়-নির্জনার কাবাডি খেলা জাতীয় খেলা কাবাডি নিয়ে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসতে মন লাগে’। আর এর মাধ্যমেই বাংলা চলচ্চিত্রের নতুন নায়ক হিসেবে আবির্ভাব ঘটতে যাচ্ছে হূদয় চৌধুরীর। এখানে হূদয় চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা নির্জনা। কালাম কায়সার পরিচালিত ‘ভালোবাসতে মন লাগে’। বাংলাদেশের বিভিন্ন মনোরম লোকেশানে এ ছবির শুটিং সম্পন্ন হয়। চলচ্চিত্রের সুদিন ফিরে আসায় পরিচালক কালাম কায়সার রোমান্টিক গল্পের কাহিনী ও নবাগত নায়ক হূদয় চৌধুরী ও নির্জনাকে নিয়ে এই ছবি নির্মাণ করছেন। এ ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আসিফ ইকবাল, পূজা, গুলশান আরা বেগম, সীমান্ত প্রমুখ। কাবাডি খেলা কেন্দ্রিক এই চলচ্চিত্রটি নির্মাণে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। এ সর্ম্পকে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘আমার বিশ্বাস এর মাধ্যমে কাবাডি খেলা গ্রামের মানুষের মনে ফের আশা জাগাতে সক্ষম হবে।’ চলচ্চিত্রটির মুক্তির প্রসঙ্গে পরিচালক কালাম কায়সার আরও বলেন, ‘চলচ্চিত্রটির এডিটিং শেষ পর্যায়ে। ঢাকার আশপাশের বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং হয়েছে। খুব শিগগিরই এটি মুক্তি দেওয়া হবে।’ ‘ভালোবাসতে মন লাগে’ চলচ্চিত্রটির রেডিও পার্টনার ঢাকা এফএম ৯০.৪। ‘ভালোবাসতে মন লাগে’ চলচ্চিত্রটিতে মোট ৫টি গান রয়েছে। সবগুলো গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ, ন্যান্সি, বেবী নাজনীন, কোনাল ও রুপম। সংগীতায়োজন করেছেন ফিরোজ প্লাবন। অন্যদিকে চলচ্চিত্রটির টাইটেল গান ‘ভালোবাসতে মন লাগে’তে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ন্যান্সি ও রুপম। সংগীতশিল্পী ন্যান্সি ও রুপমের গাওয়া এর টাইটেল সং ‘ভালোবাসতে মন লাগে’ ইতোমধ্যেই বাজারে জনপ্রিয়তা পেয়েছে। মাকে নিয়ে তাহসান ‘তুমি একজন নিঃস্বার্থ সত্য প্রতিমা ভালোবাসার সুবিশাল মহিমা’ মাকে নিয়ে গাওয়া তাহসানের জনপ্রিয় একটি গানের লাইন এটি। গানটি তিনি লিখেছিলেন ১৯৯৬ সালে। পরে সুর করার কাজটিও করে ফেলেছিলেন। কিন্তু গানটির রেকর্ডিং শেষ করতে দীর্ঘ ১০ বছর সময় নেন তিনি। অত্যন্ত যত্নের সঙ্গে গানটির রেকর্ডিং শেষ করে ২০০৬ সালে তা প্রকাশ করেন। এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘মাকে নিয়ে এই গানটি আমি লিখেছিলাম ১৯৯৬ সালে। গানটির সুর করার পেছনেও একটি মজার ঘটনা আছে। নববর্ষের একটি অনুষ্ঠানে আমি গান করতে যাই। সেখানে আমার মাও গিয়েছিলেন। মঞ্চে কী গান করব বুঝতে পারছিলাম না। হঠাত্ করে মাকে নিয়ে লেখা গানটির কথা আমার মনে পড়ে গেল। মঞ্চেই গানটির সুর করে ফেললাম এবং গাইলাম। আমি তা করেছিলাম শুধুই মাকে চমকে দেওয়ার জন্য। গানটি শুনে মা অনেক খুশি হয়েছিলেন। কিন্তু পরে তিনি মন খারাপও করেছিলেন। কারণ গানটির রেকর্ডিং শেষ করতে প্রায় ১০ বছর সময় নিয়েছিলাম।’ এত সময় নেওয়ার পেছনের কারণ জানতে চাইলে তাহসান বলেন, ‘আমি মাকে অনেক ভালোবাসি। তাই এ গানটি রেকর্ডিং করার আগে অনেক চিন্তা-ভাবনা করেছি। আর এমনিতেই আমি একটু খুঁতখুঁতে স্বভাবের। গানটির রেকর্ডিংয়ের সময় আমার মনের মতো হচ্ছিল না। তাই এত দীর্ঘ সময় নেওয়া।’ এবার এইডস-এর জন্য গান এবার মরণব্যাধি এইডস নিয়ে গান গাইলেন বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা। ‘ওরে আমার মনো/বন্ধু আমার শোনো/ এইডস রোগের তথ্য কিছু/ নতুন করে জানো’ কথার গানটি লিখেছেন ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ। গানটির সুর-সংগীত করেছেন বাপ্পা মজুমদার। কণার পাশাপাশি এতে দ্বৈত কণ্ঠও দিয়েছেন বাপ্পা। ইতোমধ্যেই গানটির ভিডিও বিটিভিতে প্রচারিত হচ্ছে। এ প্রসঙ্গে কণা বলেন, ‘সচেতনতামূলক বহু গানেই আমি কণ্ঠ দিয়েছি। আর সামাজিক সচেতনতামূলক গান গাওয়ার প্রস্তাব পেলে আমি তা আনন্দের সঙ্গেই গ্রহণ করি। গানের মাধ্যমে আমি মানুষকে সচেতন করতে চাই। আমার গান শুনে অন্তত একজন মানুষ সচেতন হলেও আমার গাওয়া সার্থক হবে।’ স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে গানটি তৈরি করা হয়েছে। এদিকে, একসঙ্গে দুই অ্যালবামের কাজ করছেন কণা। এর মধ্যে একটি আধুনিক; অন্যটি নজরুল সংগীতের অ্যালবাম। উল্লেখ্য, সর্বশেষ ২০১১ সালে প্রকাশিত হয় কণার তৃতীয় একক ‘সিম্পলি কণা’। পরের বছর প্রকাশ হয় এর মিউজিক ভিডিও অ্যালবাম ‘সিম্পলি কণা :দ্য মিউজিক ভিডিও অ্যালবাম’।