ইরানের সাথে পারমাণবিক প্রযুক্তি বিনিময় করছে উ.কোরিয়া : নেতানিয়াহু

জাপান সফররত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন, ইরানের সাথে পারমাণবিক প্রযুক্তি বিনিময় করছে উত্তর কোরিয়া। নেতানিয়াহুর বক্তব্য বেশ গুরুত্বসহকারে ছাপা হয়েছে জাপানের দৈনিক পত্রিকা মেনিচি শিমবানের প্রথম পাতায়। জাপানের প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে এবং পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদার সাথে সাক্ষাত্কালে বেনিয়ামিন নেতানিয়াহু এসব কথা বলেন। উত্তর কোরিয়া ইরানের থেকে কোন ধরনের প্রযুক্তিগত সহায়তা নিচ্ছে কী না এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, অবশ্যই নিচ্ছে। মূলত পারমাণবিক প্রযুক্তি বিনিময়ের মধ্যদিয়েই দুই দেশের সম্পর্ক জোরালো হচ্ছে। পারমাণবিক প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে সমৃদ্ধ হতে ইরান থেকে বিভিন্ন সহযোগিতা নিয়ে থাকে উত্তর কোরিয়া। জাপান তার নিরাপত্তার জন্য উত্তর কোরিয়ার পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্রকে অন্যতম প্রধান হুমকি হিসাবে বিবেচনা করে থাকে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উত্তর কোরিয়া চতুর্থবারের মতো পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদার সাথে সাক্ষাত্কালে তিনি বলেন, ইরান এবং উত্তর কোরিয়া উভয়ে দুর্বৃত্ত রাষ্ট্র।