কুবিতে শ্রেণিকক্ষের তীব্র সংকট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শ্রেণীকক্ষের তীব্র সংকট চলছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশুনা। নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করতে হিমশিম খাচ্ছেন শিক্ষকরাও। ফলে সেশনজটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। সরেজমিনে ঘুরে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে বর্তমান ১৭টি বিভাগ থাকলেও সে তুলনায় নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালাতে আছে মাত্র ৪২টি শ্রেণীকক্ষ। একাডেমিক ভবন পশ্চিমে ৭টি, একাডেমিক ভবন দক্ষিণে ১৬টি এবং একাডেমিক ভবন উত্তরে ১৫টি শ্রেণীকক্ষ রয়েছে, ১৭টি বিভাগের জন্য যা কোনক্রমেই পর্যাপ্ত নয়। কোন বিভাগের জন্য শ্রেণীকক্ষ একটি, কোন বিভাগের জন্য দুটি- এমন অবস্থা প্রতিটি বিভাগেই। শ্রেণীকক্ষের সংকট কাটাতে প্রশাসনিক ভবনের তিনটি কক্ষে শ্রেণীকক্ষের কার্যক্রম চালানো হয় বলে জানা যায়। শ্রেণীকক্ষের এই চরম সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, যথাসময়ে নেয়া যাচ্ছে না ক্লাস। বিশ্ববিদ্যালয়ের ১৭টি বিভাগের মধ্যে এ বছর চালু করা হয়েছে প্রত্নতত্ত্ব, ফার্মেসি এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং নামে নতুন তিনটি বিভাগ। এই তিন বিভাগের জন্য একটি করে শ্রেণীকক্ষ থাকলেও নেই নিজস্ব লাইব্রেরি ও সেমিনার। নেই পরীক্ষার হল। এমনকি শিক্ষকদের জন্যও নেই আলাদা চেম্বার। ফলে বিভাগীয় প্রধানসহ সকল শিক্ষক একই কক্ষে বসে চালান একাডেমিক কার্যক্রম।