দেশে ৫ কোটি মানুষ থাইরয়েড সমস্যায় আক্রান্ত। এর মধ্যে ৩ কোটি মানুষ জানে না যে তারা এ সমস্যায় ভুগছে। এর মধ্যে বেশিরভাগ গ্রামে বসবাস করে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। গতকাল শনিবার বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে রাজধানীর বারডেম হাসপাতাল মিলনায়তনে আয়োজিত সচেতনতামূলক সভায় বিশেষজ্ঞ চিকিত্সকরা এসব কথা বলেন।
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মো. ফারুক পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারডেম হাসপাতালের ডিরেক্টর জেনারেল অধ্যাপক ডা. জাফর এ লতিফ। আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাফিজুর রহমান, সহ-সভাপতি অধ্যাপক ডা. এস এম আশরাফুজ্জামান, সহ-সভাপতি অধ্যাপক ডা. এম এ হাসানাত প্রমুখ। বিশেষজ্ঞরা বলেছেন, এত বিপুল সংখ্যক মানুষ এ সমস্যায় আক্রান্ত হওয়ার পরেও নীতি-নির্ধারক চিকিত্সা সেবা প্রদানকারী এবং চিকিত্সা সেবা গ্রহণকারী সকলের মাঝেই এ সম্পর্কে সচেতনতার উদ্যোগ ও পদক্ষেপের ব্যাপক ঘাটতি রয়েছে। অথচ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারলে অধিকাংশ ক্ষেত্রেই এ রোগ হওয়ার আগেই আক্রান্ত হওয়ার প্রক্রিয়া বন্ধ করা সম্ভব বলেও মনে করেন তারা।