ময়মনসিংহে বোরোর বাম্পার ফলন কৃষক পল্লীতে উত্সবের আমেজ
আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১৪ মে ২০১৪, ২১:৫৮
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের হাওর, বাঁওড়, গারো পাহাড় আর বিশাল সমতল ভূমির দিগন্ত বিস্তৃত মাঠের পর মাঠে চলছে সোনা রাঙা পাকা বোরো ধানের কাটা ও মাড়াই। হয়েছেও বাম্পার ফলন। দামও তুলনামূলক ভালো। উত্সব মুখর পরিবেশে এখন ব্যস্ত সময় কাটাচ্ছে এ অঞ্চলের লাখো কৃষক।
গতকাল সোমবার কৃষি সমপ্রসারণ অধিদপ্তর (ডিএই) ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, অনুকূল আবহাওয়া, আগাম বন্যা না আসায়, সেচ ও সারের সংকট এবং রোগবালাই না থাকায় ময়মনসিংহ অঞ্চলে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ডিএই আশা করছে, শুধু ময়মনসিংহ অঞ্চলে প্রায় সাড়ে ৩২ লাখ মেট্রিক টন বোরো ধান উত্পাদন হবে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা। ময়মনসিংহ অঞ্চলের ৫ জেলার এ উত্পাদন চলতি মৌসুমে দেশের মোট বোরো উত্পাদনের ১৬.১৫ শতাংশ।
গফরগাঁও উপজেলার বীরখারুয়া গ্রামের কৃষক জামাল মিয়া (৩৫) গতকাল বলেন, কড়া রোদে মাঠেই আমাদের ধান শুকিয়ে যাচ্ছে। ফলে বাজারে আমরা ধানের মূল্য বেশি পাচ্ছি। দেখা গেছে, বাজারে শ্রমের মূল্য অধিক হওয়ায় প্রান্তিক চাষীরা নিজেরাই পরিবার পরিজনসহ ধান কাটা, মাড়াইয়ে ব্যস্ত। ক্ষেত থেকে বাড়িতে এবং বাজারে ধান নেয়ার জন্য নিরলস ভাবে শ্রম দিয়ে যাচ্ছে তারা।
কৃষি অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উপ-পরিচালক মাহতারুল হক বলেন, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, বন্যহাতীর আক্রমণে সামান্য ক্ষতি হলেও সেচ, সার ও কৃষি উপকরণের সহজলভ্যতার কারণে এ অঞ্চলে এবার বোরোর বাম্পার ফলন হয়েছে।