ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে ২ বাংলাদেশি আটক

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে সাহেব আলী (৪৫) ও হেলালউদ্দিন (৩২) নামে দুই বাংলাদেশি শ্রমিক আটক হয়েছে। মঙ্গলবার রাতে ধর্মগড় সীমান্তের ৩৭২ নম্বর পিলার এলাকার ওপারে ভারতের অভ্যন্তরে ১২১ বিএসএফ ব্যাটালিয়নের কুকড়াদহ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। আটক সাহেব রানীশংকৈল উপজেলার আমরাডাঙ্গী গ্রামের আইজউদ্দিনের ছেলে ও হেলালউদ্দিন শাহানাবাদ গ্রামের সেতাবউদ্দিনের ছেলে। ছয় মাস আগে হেলাল ও সাহেব আলী ভারতে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতে যান। মঙ্গলবার রাতে তারা বাংলাদেশে ফিরছিলেন পথে ওই এলাকা থেকে বিএসএফ তাদের আটক করে। ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে.কর্নেল কামাল হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়। এর প্রেক্ষিতে বুধবার সকাল সাড়ে ৯টায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফ-বিজিবির পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিএসএফ জানায়, আটক দু’জনকে ভারতের গোয়ালপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে। সে দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএসএফ।