পৃথক দুর্ঘটনায় নিহত পাঁচ

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মুক্তিযোদ্ধাসহ পৃথক দুর্ঘটনায় পাঁচজন মারা যাওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। দেবীগঞ্জে মুক্তিযোদ্ধা নিহত পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পেড়ালবাড়ী গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় মাধবচন্দ্র রায় নামে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মাধবচন্দ্র বাড়ি থেকে সাইকেলে চড়ে দেবীগঞ্জ যাওয়ার পথে একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে রংপুর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হয়। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। ডোমারে বিদ্যুত্স্পৃষ্টে অটো চালকের মৃত্যু নীলফামারীর ডোমার উপজেলার বসুনিয়াপাড়া গ্রামে গতকাল বুধবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে জামালউদ্দিন (৩৫) নামে এক অটো রিকশাচালকের মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানান, জামালউদ্দিন বাড়ির মোটরের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান। সখীপুরে তারে জড়িয়ে কৃষকের মৃত্যু টাঙ্গাইলের সখীপুরে গতকাল বুধবার দুপুরে ধানক্ষেতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বোরহানউদ্দিন (৩২) নামে এক কৃষক মারা গেছেন। তিনি ধান কাটতে গিয়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। তাকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাঁকে মৃত বলে জানান। সখীপুর থানার ওসি মোখলেছুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হোমনায় ড্রেজার শ্রমিকের মৃত্যু কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামে আহত ড্রেজার শ্রমিক সালাহউদ্দিন (১৮) গতকাল মঙ্গলবার রাতে চিকিত্সাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। গত সোমবার বিকালে ড্রেজারের লোহার পাইপ কাঁধে নিয়ে সাঁকো দিয়ে তিতাস নদীতে থাকা ড্রেজারে ওঠার সময় রশি ছিঁড়ে নিচে পড়ে গেলে সালাহউদ্দিনের কাঁধের পাইপগুলো তার বুকে পড়ে। এতে তার বুকের হাড় ভাঙ্গাসহ ঘাড়ের রগ ছিঁড়ে যায়। কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুরপালা গ্রামে গতকাল বুধবার দুপুরে পানিতে ডুবে শোভন খানম (৬) নামে এক শিশু মারা গেছে। স্থানীয়রা জানান, শোভন দুপুরে বাড়ির পাশের খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। শোভনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান।