কলমাকান্দায় সরকারি রাস্তার ৪২ গাছ কর্তন

জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামপুর বাজার হতে কান্তপুর পর্যন্ত সরকারি বেড়ীবাঁধের দু’পাশের রাস্তায় রোপিত ৪২টি নিম গাছ কান্তপুর গ্রামের নূরুল ইসলাম মাষ্টার ও সাফিজ উদ্দিন সরকারি বাধা উপেক্ষা করে কেটে নিয়ে যায়। এ ব্যাপারে সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়, জনৈক মফিজ উল¬াহর ১,৩৫,০০০/- টাকায় নুরুল ইসলাম মাষ্টার গং গাছগুলি বিক্রি করে দেয়। ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুল জানান, সরকারি বাঁধের গাছ কর্তনের খবর পেয়ে ইউনিয়ন ভূমি অফিসকে অবহিত করা হয়েছে। সরকারি লোকজন গাছ কাটতে বাধা দিলেও জোর করে নুরুল ইসলাম মাষ্টার গং গাছগুলি কর্তন করে ফেলে। এ ব্যাপারে নাজিরপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা অগ্রজিত্ জানান, সরকারি গাছ কর্তনের খবর পেয়ে তারা বাধা প্রদান করেন। কিন্তু নুরুল ইসলাম মাষ্টার গং উক্ত বাধা নিষেধ উপেক্ষা করে গাছগুলি কর্তন করে নিয়ে যায়। এ ব্যাপারে নাজিরপুর ইউনিয়ন ভূমি অফিস থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সহকারি কমিশনার (ভূমি) কলমাকান্দায় পত্র প্রেরণ করা হয়েছে। উপজেলা ভূমি অফিসের রাজস্ব কর্মকর্তা হাবিব উল¬াহ খান বুধবার জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উপজেলা নির্বাহী অফিসারের ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।