পার্বতীপুরে স্বামীকে পিটিয়ে হত্যা স্ত্রী ও সন্তানসহ গ্রেফতার পাঁচ
পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৪ মে ২০১৪, ২২:০২
পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে গত মঙ্গলবার রাত ১১টায় সুবাস চন্দ্র (৪৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দ্বিতীয় পক্ষের স্ত্রী ও সন্তানরা। এ ঘটনায় পুলিশ স্ত্রী জোসনা বালাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত সুবাস মৃত গনপতির বিধবা স্ত্রী জোসনা বালাকে ৮ বছর পূর্বে দ্বিতীয় বিয়ে করে। সুবাসের প্রথম পক্ষের স্ত্রী ও চার মেয়ে এবং জোসনা বালার প্রথম পক্ষের দুই ছেলে থাকায় বিয়ের কিছুদিনের মধ্যে তাদের মাঝে দাম্পত্যকলহ শুরু হয়। তিন বছর পূর্বে জোসনা বালা আগের স্বামীর সন্তানদের নিয়ে আলাদা বসবাস শুরু করে। কিন্তু পাশাপাশি বাড়ি হওয়ায় প্রায়ই সুবাসের সাথে জোসনা বালার ঝগড়া লেগেই থাকতো। ঘটনার দিন রাতে সুবাস চন্দ্র পাশের চৌরাস্তা বাজার থেকে মুড়ি বিক্রি করে বাড়ি ফিরে জোসনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় জোসনা বালা, তার ছেলে নীতেষ ও প্রদীপ সুবাসকে বেদম মারধর করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে।