ভৈরবে অপহরণের ৮ ঘন্টা পর শিশু উদ্ধার

আশুগঞ্জ থেকে অপহরণ হওয়া শিশুকন্যা স্নেহাকে (৪) ভৈরবের চন্ডিবের গ্রাম থেকে উদ্ধার করেছে ভৈরব পুলিশ। ৫০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া শিশুটিকে অপহরণের ৮ ঘন্টার মধ্যে উদ্ধার করে পুলিশের বিশেষ দল। মঙ্গলবার রাতে ভৈরবের চন্ডিবের গ্রামে ১ ঘন্টা অভিযান চালিয়ে শিশু স্নেহাকে উদ্ধার ও অপহরণকারী স্বপনকে গ্রেফতার করে পুলিশ। নেশাগ্রস্ত স্বপন আশুগঞ্জের চরচারতলা গ্রামের রেখাকে বিয়ে করেন। রেখাকে নেশার টাকা যোগান দিতে বিভিন্ন সময় মারধর করত। এ নিয়ে বিরোধ চলতে থাকলে রেখা স্বামীকে ছেড়ে নিজ বাড়ি চলে যায়। পরে স্বপন রেখার বাড়ি গিয়ে তার বড় ভাইয়ের মেয়ে স্নেহাকে অপহরণ করে নিয়ে এসে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা দিতে না পারলে স্নেহাকে হত্যা করার হুমকি দেয়। পরে পুলিশ একঘন্টা অভিযান চালিয়ে ঘাতক স্বপন ও অপহূত শিশু স্নেহাকে উদ্ধার করতে সক্ষম হয়।