ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত এক ইফতার মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নূরুল হকের যোগদানকে ঘিরে উত্তেজনার এক পর্যায়ে তা পণ্ড হয়ে গেছে। জামায়াত-শিবিরকে ব্রাহ্মণবাড়িয়ায় কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না জানিয়ে জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা ইফতার মাহফিল অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। পুলিশ প্রহরায় ভিপি নূর অনুষ্ঠান স্থলে গেলেও রেস্টুরেন্টে তালা দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
জানা যায়, গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের মসজিদ রোডস্থ গ্র্যান্ড এ মালেক চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া শাখা। এতে প্রধান অতিথি করা হায় ডাকসুর ভিপি নূরুল হককে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে বিল পরিশোধ করে ইফতারের আয়োজন সম্পন্ন করার পর বিকালে ছাত্রলীগ নেতাকর্মীরা ইফতার অনুষ্ঠান বন্ধ করে দেন। পাশাপাশি ভিপি নূর ও তার সহযোগীদের প্রতিহত করারও ঘোষণা দেয় ছাত্রলীগ।
সন্ধ্যা পৌনে ছয়টার দিকে রেলওয়ে স্টেশনে নেমে কড়া পুলিশি প্রহরায় মসজিদ রোডে গ্র্যান্ড এ মালেক রেস্টুরেন্টে যান নূর; কিন্তু রেস্টুরেন্ট বন্ধ থাকায় তিনি আয়োজকদের নিয়ে রেস্টুরেন্টের সামনে অবস্থান নেন।
এ সময় ভিপি নূরুল হক উপস্থিত সাংবাদিকদের বলেন, ছাত্রলীগ নেতাকর্মীরা কেনো এমন উগ্র আচরণ করছে এটি আমাদের বোধগম্য নয়। বিষয়টি আমি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে জানিয়েছি। যদি আমাদের সঙ্গে জামায়ত-শিবিরের সংশ্লিষ্টতা থাকত তাহলে তো প্রধানমন্ত্রী আমাদের দাওয়াত দিয়ে গণভবনে নিয়ে যেতেন না। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, ভিপি নূর সরকার বিরোধী বক্তব্য দিয়েছে। তাদের সঙ্গে ছাত্র অধিকারের ব্যানারে শিবিরের ছেলেরা আসছে। এজন্য সাধারণ ছাত্ররা অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে।
গ্র্যান্ড এ মালেক চাইনিজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আব্দুল মালেক সাংবাদিকদের জানান, ছাত্রলীগ পরিচয়ে কয়েকজন ছেলে এসে ইফতার আয়োজকদের বের করে দিয়ে রেস্টুরেন্টে তালা দিয়েছে এবং ইফতার সামগ্রী ফিরিয়ে দিয়েছে।