টঙ্গীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাঙ্গাড়ি ব্যবসায়ীকে হত্যা
টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৪ মে ২০১৪, ২২:৪০
টঙ্গীর সাতাইশ এলাকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে অজয় দাস (৩০) নামে এক ভাঙ্গারী ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। এঘটনায় স্থানীয় জনতা ঘাতক মানিক রাজ বংশিকে পুলিশে সোপর্দ করেছে। তারা উভয়ে দূর সম্পর্কের আত্মীয় বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত সোমবার তুচ্ছ ঘটনায় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মানিক রাজ বংশি হাতুড়ি দিয়ে পিটিয়ে অজয় দাসকে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় অজয় দাসকে উত্তরার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বিকালে চিকিত্সাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। অজয়ের বাড়ি টাঙ্গাইল জেলায় তিনি টঙ্গীর সাতাইশ এলাকায় ভাড়া থাকতেন।