নার্সিং পেশার মান বৃদ্ধিতে সহায়তা দেবে ম্যাসাচুসেটস হাসপাতাল
প্রকাশ : ১৪ মে ২০১৪, ২৩:৩৩
বাংলাদেশের নার্সিং পেশা ও নারীদের জরায়ু ক্যান্সার চিকিত্সার মানোন্নয়নে সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম স্থানীয় সময় সোমবার রাতে বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল ও ‘সেন্টার ফর গ্লোবাল হেলথ’ কর্তৃপক্ষের দেয়া নৈশভোজে যোগ দেন। এ সময় তিনি নার্সিং পেশার মান ও জরায়ু ক্যান্সার চিকিত্সার উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করার আহবান জানালে তারা সহযোগিতার আশ্বাস প্রদান করেন। গতকাল বুধবার ঢাকায় প্রাপ্ত খবরে এ তথ্য জানা গেছে।
মন্ত্রী সামপ্রতিক সময়ে বাংলাদেশে স্বাস্থ্য সেবার অগ্রগতির বিষয়টি তাঁদের কাছে তুলে ধরে বলেন, বাংলাদেশে মা ওশিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে। একই সাথে প্রজনন হার হ্রাস ও দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। এর আগে মোহাম্মদ নাসিম হাসপাতালটির বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং তাদের কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। এ সময় তিনি বাংলাদেশে প্রথমবারের মত সফলভাবে অস্থিমজ্জা প্রতিস্থাপন কার্যক্রমে সহযোগিতা করার জন্য ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে ‘সেন্টার ফর গ্লোবাল হেলথ’ এর পরিচালক জেনস হারলো, বিশেষজ্ঞ চিকিত্সক ডা. বিমলাংশু দে, ডা. টম র্যান্ডাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-২ এর প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. বায়জিদ খুরশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় একটি হোটেলে বোস্টন আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় করেন দলটির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে দলের স্থানীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. সৈয়দ আবু হাসনাত প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার সকল হত্যাকাণ্ডের বিচার করবে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে চলছে। আর এই উন্নয়নের ধারাকে ব্যাহত করার জন্য বিদেশীদের কাছে নেতিবাচক বিভিন্ন প্রচারণা চালাচ্ছে বিএনপি। এই অপপ্রচার প্রতিহত করতে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, বিশেষ করে জিএসপি সুবিধা আদায়ের জন্য যুক্তরাষ্ট্র প্রবাসীদের অনেক বেশি ভূমিকা রাখতে হবে।
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ
এদিকে যুক্তরাষ্ট্র সফররত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম দৈনিক প্রথম আলো’র বিশেষ প্রতিনিধি শিশির মোড়লের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন। তিনি অবিলম্বে হামলাকারী চিকিত্সকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন। তিনি মঙ্গলবার সন্ধ্যায় শিশির মোড়লের সাথে টেলিফোনে কথা বলে সমবেদনা জানিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।