গতবারের প্রতারিতরা এবার হজ্বে যেতে পারবেন
প্রকাশ : ১৪ মে ২০১৪, ২৩:৩৪
ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন বলেছেন, হজ এজেন্সির প্রতারণার শিকার হয়ে গত বছর হজে যেতে না পারা ১৫৩ জন হজযাত্রী এবার সরকারি-বেসরকারিভাবে হজে যেতে পারবেন। ইতিমধ্যে তারা কিছু টাকা ফেরত পেয়েছেন, বাকিটাও পেয়ে যাবেন।
গতকাল বুধবার ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে বজলুল হক হারুন বলেন, এ বছর কোন হজযাত্রী যাতে মধ্যস্বত্বভোগীদের কবলে না পড়ে সে জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার পাশাপাশি সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। তিনি বলেন, লাইসেন্সধারী হজ এজেন্সিগুলোর মধ্যে হাতেগোনা কিছু প্রতিষ্ঠান অনিয়ম করতে পারে। ঝামেলা করে এই মধ্যস্বত্বভোগীরা। গত বছর ১৫-২০ এজেন্সি অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। হজযাত্রী পরিবহনে কোন ফ্লাইট সিডিউল বিপর্যয় হলে ধর্ম মন্ত্রণালয় সে দায় নেবে না বলে মন্তব্য করেছেন বজলুল হক হারুন। তিনি বলেন, উড়োজাহাজের সিডিউল ঠিক করার দায়িত্ব সিভিল এভিয়েশনের। ধর্ম মন্ত্রণালয় এখানে দায় নেবে না। তবে মন্ত্রণালয়কে সজাগ থাকতে বলা হয়েছে। তিনি বলেন, চলতি বছর বিমান কোন উড়োজাহাজ লিজ না নিয়ে নতুন আনা উড়োজাহাজ দিয়ে হজযাত্রী পরিবহন করবে। বৈঠকে হজ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এছাড়া হজে গমনকারী হাজিরা যাতে সব হারিয়ে নিঃস্ব না হয় এবং কোনভাবেই নাজেহাল না হয় সেজন্য ধর্ম মন্ত্রণালয়কে সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখার সুপারিশ করা হয়।
হজ এজেন্সিগুলোর সংগঠন ‘হাব’ সংসদীয় কমিটিকে হজযাত্রী পরিবহনে ‘থার্ড ক্যারিয়ার’ পুনরায় চালু করার ব্যাপারে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছে। সংসদীয় কমিটির বৈঠকে বিশেষ আমন্ত্রণে হাব-এর সভাপতি ইব্রাহিম বাহার ও মহাসচিব শেখ আবদুল্লাহ অংশ নেন। এ বছর সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জনসহ সর্বমোট ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন।
বজলুল হক হারুনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য হাবিবুর রহমান মোল্লা, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মো. মকবুল হোসেন, মো. আমীর হোসেন, দিলারা বেগম, ধর্মসচিব মো. বাবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।