বরিশাল সদর উপ-নির্বাচনে ৩ প্রার্থীর মধ্যে ১ জনের মনোনয়ন বাতিল
প্রকাশ : ১৪ মে ২০১৪, ২৩:৩৬
বরিশাল-৫ আসনে উপ-নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে গতকাল বুধবার স্বতন্ত্র প্রার্থী পূবালী ব্যাংকের পরিচালক ও ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানির চেয়ারম্যান সৈয়দ মুয়াজ্জেম হুসাইনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেবুন্নেসা আফরোজ ও বিএনএফ প্রার্থী সাইফুল ইসলাম লিটনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। উল্লেখ্য, ২১ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন।
আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা রিটার্নিং অফিসার মীর মো. শাহজাহান জানান, সৈয়দ মুয়াজ্জেম হুসাইন তার হলফনামায় ১ শতাংশ ভোটারের স্বাক্ষর যাদের দেখিয়েছেন সরেজমিনে তাদের মৃত পাওয়া গেছে। এছাড়া ভোটার তালিকায় তিনি যাদের নাম দিয়েছেন তা নির্বাচন কমিশনের ভোটার তালিকার সাথে গড়মিল রয়েছে। প্রসঙ্গত, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত ৯ এপ্রিল শওকত হোসেন হিরন মারা যাওয়ার পর এই আসনটি শূন্য হয়।