মতিঝিলে শিল্পপতি হত্যা
খালাস পাওয়া আসামি কাদেরের যাবজ্জীবন
প্রকাশ : ১৪ মে ২০১৪, ২৩:৩৭
রাজধানীর মতিঝিলে শিল্পপতি আবদুল কাদের হত্যা মামলায় খালাস পাওয়া আসামি আব্দুল কাদের ওরফে মোবাইল কাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। নিম্ন আদালত মোবাইল কাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিল। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট থেকে খালাস পান তিনি। ওই খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।
গতকাল বুধবার আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া মামলার দুই আসামি আবদুর রাজ্জাক ঠাণ্ডু ও আতাউর রহমানকে খালাস দিয়েছে আদালত। নিম্ন আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। আপিলে হাইকোর্ট ঠান্ডুকে খালাস ও আতাউরের যাবজ্জীবন সাজা বহাল রেখেছিল।
রায়ের পর বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার এএসএম মনিরুল আলম বলেন, আপিল বিভাগের এ রায়ের পর যেকোনো সময় মোবাইল কাদেরকে গ্রেপ্তার করতে পারবে পুলিশ। এজন্য আপিল বিভাগের গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে নির্দেশ দেয়ার প্রয়োজন নেই।
২০০১ সালের ১৭ অক্টোবর রাজধানীর মতিঝিলে ‘সোনারগাঁও চিংড়ি প্রকল্পে’র কার্যালয়ে ঢুকে বিশিষ্ট শিল্পপতি আবদুল কাদেরকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় নিহতের বড় ভাই মোহাম্মদ ইউসুফ মামলা করেন। এ মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ ২০০৪ সালের ২৯ জানুয়ারি এক রায়ে মোবাইল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড এবং অপর চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।