মোদী সরকার কি ধরনের বৈদেশিক নীতি গ্রহণ করে, তার ওপর সম্পর্ক

ভারতের সাম্প্রতিক জাতীয় নির্বাচনে যদি মোদি সরকার ক্ষমতায় আসে তাহলে ভারত-বাংলাদেশ সম্পর্ক কেমন থাকবে এমন প্রশ্নের জবাবে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরণ বলেছেন, মে মাসের ১৬-১৭ তারিখে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে। এতে যদি মোদি সরকার ক্ষমতায় আসে তাহলে আমাদের এই কয়েকদিন ধৈর্য ধরতে হবে, দেখতে হবে মোদি সরকার কি ধরনের বৈদেশিক নীতি গ্রহণ করে। গতকাল বুধবার দুপুরে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে মন্ত্রণালয়ে এক বৈঠকে মিলিত হন পঙ্কজ সরণ। এ সময় ভারতের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের বলেন, “ভারত বাংলাদেশের সাথে তার সম্পর্ককে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। দু’দেশের অর্থনীতির সমৃদ্ধিতে এ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি ভারত-বাংলাদেশ সম্পর্ক অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগের দিক থেকে উত্তরোত্তর সমৃদ্ধশালী হবে। বর্তমানে ভারতের একশ কোটি ডলার বিনিয়োগ সম্পর্কে হাইকমিশনার জানান, এই একশ কোটি ডলারের মধ্যে ৮০ কোটি ডলার ঋণ এবং বাকি ২০ কোটি ডলার ভারত সরকার বাংলাদেশকে অনুদান হিসাবে দিচ্ছে। ঋণের মধ্যে ১৫টি প্রকল্পে ৭৯ কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগ কার্যক্রম ঠিক করা হয়েছে। ব্রীজ ও রেলপথ তৈরি এমনিতেই একটু সময় সাপেক্ষ। তথাপি এ কাজ দু’টিও অত্যন্ত বেগবান হয়েছে বলে তিনি উল্লেখ করেন। নারায়ণগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, “এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এই ব্যাপারে কোন মন্তব্য নয়’’। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের জানান, আমি আশাবাদী ভারত সরকার এ বছর পদ্মা সেতু তৈরিতে ১৬ শ কোটি টাকা বরাদ্দ করবে।” তিনি আরও বলেন, “বর্তমানে ভারত বিদ্যুত্ উত্পাদন খাতে বিনিয়োগে এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি’’।