নবীগঞ্জে কুশিয়ারা নদীতে অজ্ঞাত কারণে মাছ মরে ভেসে উঠছে

মৌলভীবাজারের মনু নদী থেকে নবীগঞ্জের সীমানা ঘেঁষে জগন্নাথপুর থানার রানীগঞ্জ বাজার পর্যন্ত কুশিয়ারা নদীতে হঠাত্ করে বিভিন্ন জাতের বড় বড় মাছ মরে ভেসে উঠেছে। এই মাছের দাম কয়েক কোটি টাকা হতে পারে। গত রবিবার মধ্যরাত থেকে কুশিয়ারা নদীতে ভেসে উঠা মাছগুলো এলাকার লোকজন নিয়ে গেছে। তবে তারা জানিয়েছেন, বেশির ভাগ মাছগুলো খাওয়ার উপযোগী নয়। মাছে পচন দেখা দিয়েছে। দুর্গন্ধ বের হচ্ছে। স্থানীয় লোকজন জানান, গত রবিবার রাত ১২টা থেকে হঠাত্ করে কুশিয়ারা নদীতে গ্যাস বা বিষাক্ত কোন দ্রব্যের কারণে বড় বড় বিভিন্ন জাতের মাছ ভেসে উঠে। প্রত্যক্ষদর্শীরা এ খবর প্রচার করলে স্থানীয় শত শত লোক নদীর পাড়ে ছুটে আসে এবং ভাসমান মাছগুলো অনায়াসে ধরে নিয়ে যায়। স্থানীয় লোকজন জানান, ভারত থেকে বিষাক্ত পানি প্রবেশের কারণে এমন ঘটনা ঘটতে পারে। অথবা ফেঞ্চুগঞ্জের সার কারখানার কোন বিষাক্ত জিনিসের কারণেও এমনটা হতে পারে। তবে এ ব্যাপারে উপজেলা মত্স্য অফিসের কোন ভূমিকার খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে উপজেলা মত্স্য কর্মকর্তার বক্তব্য নেয়ার জন্য মোবাইল ফোনে কল দিলে মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।