পার্বতীপুরে সেনা প্রশিক্ষণে বিস্ফোরণ আহত ৯

দিনাজপুরের পার্বতীপুরের খোলা-হাটিতে শহীদ মাহবুব সেনানিবাসে গ্রেনেড বিস্ফোরণে ৯ জন সেনা সদস্য আহত হয়েছেন। গতকাল বুধবার বিকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন ওয়ারেন্ট অফিসার কেতাবুল হক, ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলী, সার্জেন্ট ফজলুল হক, সার্জেন্ট রওশন আলী, কর্পোরাল আব্দুল মান্নান, কর্পোরাল গোলাম রসুল, সৈনিক আব্দুর রহমান, সৈনিক বিকাশ চন্দ্র রায় ও সৈনিক জহির। আহতদের প্রথমে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি করা হয়। পরে গুরুতর ৪ জনকে হেলিকপ্টারযোগে ঢাকায় সিএমএইচে চিকিত্সার জন্য পাঠানো হয়। এদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— ওয়ারেন্ট অফিসার কেতাবুল হক, ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলী ও সার্জেন্ট ফজলুল হক। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রংপুর সেনানিবাস থেকে ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনা সদস্যরা গতকাল দিনাজপুরের পাবর্তীপুরের খোলাহাটিতে শহীদ মাহবুব সেনানিবাসে ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণের জন্য ফায়ার করতে আসেন। এ সময় অসতর্কতার কারণে ২টি গ্রেনেড মাটিতে পড়ে বিস্ফোরিত হলে সেনা সদস্যরা আহত হন। পরে আহতদের তাত্ক্ষণিকভাবে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে থেকে বিকালে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খোলাহাটি শহীদ মাহবুব সেনানিবাসের ১৬ রেজিমেন্টের স্টাফ অফিসার ক্যাপ্টেন মুরসালিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিকাল ৪টার দিকে অসতর্কতার কারণে ২টি গ্রেনেড মাটিতে পড়ে বিস্ফোরিত হলে সেনা সদস্যরা আহত হন।