রামুর বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ মামলা
তোফাইল চেয়ারম্যানকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের
রামু (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ১৫ মে ২০১৪, ০০:০৪
জেলার রামুর বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ মামলার আসামি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা তোফাইল আহমদকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রামু বৌদ্ধবিহার ও বসতিতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রধান আসামি চেয়ারম্যান তোফাইলকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়।
সম্প্রতি তোফাইল আহমেদকে দেয়া হাইকোর্টের জামিনের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের নিষ্পত্তি করে দিয়ে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। তোফাইলকে আগামী ৪ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল একরামুল হক। তোফাইল আহমেদের পক্ষে ছিলেন তার আইনজীবী মকবুল হোসেন।