র্যাব বাতিলের আন্দোলন কঠোর হস্তে দমন করা হবে :ইনু
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ১৫ মে ২০১৪, ০০:০৫
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া যদি র্যাব বাতিলের কোনো আন্দোলনে যান, তবে তা কঠোরভাবে দমন করা হবে। গতকাল বুধবার কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নওদা কুর্শা, বেশীনগর ও রামনগর গ্রামের বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী। এই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, র্যাবের কিছু সদস্য যদি অপরাধ করে থাকে তবে তাদের এক চুলও ছাড় দেয়া হবে না। তবে র্যাব বাতিলের কোনো প্রশ্নই আসে না।
তথ্যমন্ত্রী এ সময় বিরোধী দলীয় নেত্রীর উদ্দেশে বলেন, জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনীর কতিপয় সদস্য গুলি করে হত্যা করেছে, সে জন্য উনি কি সেনাবাহিনী বাতিলের প্রস্তাব দেবেন? পুলিশের বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে। উনি কি পুলিশ বাতিলেরও প্রস্তাব দেবেন? খালেদা জিয়া র্যাব বাতিলের যে প্রস্তাব দিয়েছেন, এটা একজন প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্বজ্ঞানহীন বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যে চক্রান্তমূলক উক্তি।