যশোরে ‘বন্দুক যুদ্ধে’ শহর ছাত্রশিবির সভাপতি ও ছিনতাইকারী গুলিবিদ্ধ

গতকাল বুধবার ভোরে যশোরে পৃথক দুটি ‘বন্দুকযুদ্ধে’র ঘটনায় শহর ছাত্রশিবির সভাপতি এবং এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। দুটি ঘটনাতেই আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। জানা গেছে, গতকাল ভোরে যশোর সদর উপজেলার শ্যামনগর গ্রামে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হন শহর ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম। তিনি যশোর সরকারি এমএম কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মোবারকপাড়া এলাকার আবুল খায়েরের ছেলে তিনি। ডিবি পুলিশ দাবি করে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে গোয়েন্দা পুলিশ জাহিদুল ইসলামকে চুড়ামনকাটি এলাকা থেকে আটক করে। গতকাল ভোরে গোয়েন্দা পুলিশ তাকে নিয়ে শ্যামনগর গ্রামে অস্ত্র উদ্ধারের জন্য অভিযান শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহিদুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে জাহিদুল গুলিবিদ্ধ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে। গুলিবিদ্ধ জাহিদুলকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশের সাথে অপর এক ‘বন্দুকযুদ্ধে’র ঘটনায় আবুল কাশেম (২৫) নামে এক ছিনতাইকারী মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার ভোরে শহরের খড়কি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আবুল কাশেম খড়কি এলাকার মজনু মিয়ার ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি ওয়ান শুটার গান, ১ রাউন্ড গুলি ও ৪টি হাতবোমা উদ্ধার করেছে।